বাংলা সাবটাইটেল - মাতৃভাষায় মুভি উপভোগের অন্যতম হাতিয়ার...
বাংলা
সাবটাইটেল, সংক্ষেপে বিসাব নামেই বর্তমান মুভি লাভারদের কাছে বহুল পরিচিত কিংবা
জনপ্রিয়। কি এই বাংলা সাবটাইটেল জানতে হলে আগে জানতে হবে সাবটাইটেল কি? সাবটাইটেল হচ্ছে যেকোন ভিডিও ফাইলের ডায়লগের অর্থাৎ কথ্য রুপের সহজবোধ্য
লিখিত রুপ যা বিভিন্ন ভাষায় আলাদা বিশেষ ফাইলে তৈরি করা থাকে এবং ঐ ভিডিওতে লিখিত
আকারে দেখা যায়। ইংরেজি সাবটাইটেলে ডায়লগগুলো ইংরেজিতে অনুবাদ করা থাকে। তেমনি
বাংলায় অনুবাদ করা হলে তাকে বাংলা সাবটাইটেল বলা হয়। সহজ ভাষায় কোন বিদেশী ভাষার
সিনেমা, টিভি সিরিজ কিংবা যেকোন ভিডিওর ডায়লগগুলো সহজে বুঝার
জন্য সেগুলোকে বাংলা ভাষায় অনুবাদ করে সাবটাইটেলের মাধ্যমে দেখানোর ব্যবস্থাই
বাংলা সাবটাইটেল।
বাংলা
সাবটাইটেল নিয়ে বেশ কয়েক বছর ধরেই অনেক কাজ হচ্ছে। মুলত এর জোয়ারটা শুরু হয়
২০১৩ সাল থেকে। যদিও ২০০৯ সাল থেকেই অনেকে এর পিছনে ঘাম ঝরিয়ে গেছেন। সকল অনুবাদকদের
অক্লান্ত প্রচেস্টায় আজ বাংলা সাবটাইটেল উৎকর্ষের শিখরে আরোহন করেছে। এক্ষেত্রে
যাদের অবদান অপরিসীম তাদের মধ্যে সায়মন এলেক্স, আরিফ জামান, সাজ্জাদ মোহাম্মদ খান,
ফায়ারবোল্ট ফিনিক্স (ছদ্মনাম), তৌফিক সাহাব
কুশল, রাশেদুজ্জামান রাশেদ, নাজমুল
হোসাইন শুভ, পিরামিডএক্স হাসান (ছদ্মনাম), খালেদ মাহমুদ খান, মাসুম হোসেন, কামরুল হাসান শিমুল, রাকিব মাহমুদ রক্তিম, সাঈম সামস, শোভন, মুন্না,
হাসিবুজ্জামান হাসিব, শহীদ কবির, ডুয়েট আফ্রাদ (ছদ্মনাম), হোসাইন সাদী, তাহমিদ শাহরিয়ার সাদমান, জ্যোতির্ময় সজ্জন, মশিউর শুভ, ফাহিম হাম্মাদ, অভ্র
আহমেদ, মোহাম্মদ ইউসুফ, মামুন
আব্দুল্লাহ, মাহমুদুল হাসান এমআরপি, সাইফুদ্দিন
শাকিল, ফুয়াদ আনাস আহমেদ, রবিউল হাসান
রবি, ফিহাদ আর রহমান, রুবায়েদ হাসান,
আকাশ আহমেদ, সারাহ ইকবাল সহ আরো অনেকেই রয়েছেন।
শুধু একক অনুবাদকই নয়, রয়েছে বেশ কয়েকটি দলগত অনুবাদক টিম।
এর মধ্যে অনুবাদকদের মেলা, সাবটাইটেল হাট, সাবমেকারদের মেলা, সাউথ সাবমেকার্স প্যানেল, বিএমএস
প্রোডাকশন, সিরিয়াল কিলার, বাংলা
সাবটাইটেল হোম অন্যতম। বাংলা সাবটাইটেল তৈরী করার ক্ষেত্রে বিদেশী ভাষার মধ্যে
ইংরেজী তথা হলিউড মুভির পাশাপাশি কোরিয়ান, সাউথ ইন্ডিয়ান
(তামিল, তেলুগু, মালয়ালাম, কন্নড়া), স্প্যানিশ, টার্কিশ
মুভি এবং টিভি সিরিজগুলোই বেশি জনপ্রিয়।
কোথায়
পাবেন বাংলা সাবটাইটেল?
বাংলা
সাবটাইটেলসহ সকল প্রকার সাবটাইটেলের বিশাল ভান্ডার হচ্ছে subscene.com নামক ওয়েবসাইটটি। দুনিয়ার
যাবতীয় মুভি ও সিরিজের যেকোন প্রকারের সাবটাইটেল খুঁজে পাওয়ার ক্ষেত্রে এই সাবসিন
ওয়েবসাইটের জুড়ি মেলা ভার। এছাড়াও আরো কিছু ওয়েবসাইট রয়েছে যেগুলোতেও সাবটাইটেল
পাওয়া যায়, এর মধ্যে opensubtitles.org ;
yifysubtitles.com এবং ytssubtitles.com অন্যতম।
তবে বাংলা সাবটাইটেলের জন্য subscene.com এর বিকল্প নেই
বললেই চলে। এছাড়াও বাংলা সাবটাইটেল নিয়ে ফেসবুকে কয়েকটি গ্রুপ রয়েছে যেখানে খুব
সহজেই বাংলা সাবটাইটেল পেয়ে যাবেন। সেগুলো হচ্ছেঃ Bangla Subtitle (www.facebook.com/groups/banglasub/),
ব্লকবাস্টার সাউথ ইন্ডিয়ান মুভি লাভারস বাংলাদেশ গ্রুপ (www.facebook.com/groups/SouthFansBD);
প্রথমটিতে সকল মুভি ও সিরিজের বাংলা সাবটাইটেল পাবেন এবং
ব্লকবাস্টার গ্রুপে শুধুমাত্র সাউথ ইন্ডিয়ান মুভির বিসাব পাবেন।
কিভাবে
বাংলা সাবটাইটেল ব্যবহার করবেন?
ইন্টারনেট
জগতে কিংবা সাবটাইটেল দিয়ে মুভি দেখায় যারা নতুন তাদের অনেকেই বুঝতে পারেন না
কিভাবে সাবটাইটেল ডাউনলোড করবেন এবং সেগুলো ব্যবহার করবেন। বর্তমান সময়ে মুভি
লাভারদের কাছে মুভি দেখার জন্য এন্ড্রোয়েড স্মার্টফোন অনেক জনপ্রিয়। তাদের জন্যই
খুব সহজেই দেখিয়ে দিচ্ছি কিভাবে কি করবেনঃ
- প্রথমেই Google Play Store থেকে ES File Explorer
সফটওয়্যারটি আপনার মোবাইলে ইনস্টল করে নিন। অথবা ডাউনলোড লিংকঃ http://es-file-explorer.en.uptodown.com/android
- আপনার ইন্টারনেট ব্রাউজার (যেমনঃ uc mini) ব্যবহার
করে www.subscene.com ওয়েবসাইটের সার্চবক্সে মুভির নাম
সঠিকভাবে লিখলেই অসংখ্য সাবটাইটেল চলে আসবে। সেখান থেকে আপনার কাঙ্খিত সাবটাইটেল
ফাইলটি ডাউনলোড করে ফেলুন।
- আপনার মোবাইলের যেখানে ফাইলটি ডাউনলোড হয়েছে সেখানে গিয়ে Open করুন। দেখবেন Open with লেখা আসবে, সেখানে ES File Explorer দিয়ে UnZip/Extract করে ফেলুন।
- এরপর আপনার মোবাইলের যে জায়গায় Extract ফাইলের লোকেশন
সিলেক্ট করা আছে সেখানে গিয়ে দেখুন ফাইলটি আছে এবং তা .srt ফরম্যাটে
আছে। সেই ফাইলটি কপি করে আপনার মুভি যে ফোল্ডারে আছে সেখানে Paste করুন এবং মুভির নামের সাথে মিলিয়ে Rename করলে
পরবর্তীতে আর বারবার সাবটাইটেল সিলেক্ট করতে হবেনা। মুভি ফাইল চালালেই অটোম্যাটিক
সাবটাইটেল চলে আসবে। আর যদি Rename না করে জাস্ট পেস্ট করে
রাখেন তাহলে MX Player এ মুভি ফাইল চালানোর পর যা যা করবেন-
উপরে
ডানদিকের তিনটা ডট (:) চিহ্নিত মেন্যু থেকে Subtitle এ ক্লিক করুন
=> এরপর Open এ ক্লিক করুন
=> এরপর আপনার মোবাইলের ফোল্ডার ডিরেক্টরি দেখাবে, সেখান
থেকে যেখানে সাবটাইটেল আছে সেই ফোল্ডারে চলে যান এবং সাবটাইটেল ফাইলটি সিলেক্ট
করুন। ব্যস, এরপর সাবটাইটেল দিয়ে মুভি উপভোগ করুন।
যারা
কম্পিউটার ইউজার আছেন তাদের জন্য এটা তেমন কোন ব্যাপারই না। আপনাদের যা যা করতে
হবেঃ
- প্রথমেই WinRAR সফটওয়্যারটি ইনস্টল করে নিন আপনার
কম্পিউটারে। ডাউনলোড লিংকঃ
- আপনার কম্পিউটারের ব্রাউজার (যেমনঃ Mozilla Firefox) ব্যবহার করে www.subscene.com ওয়েবসাইট থেকে আপনার
কাঙ্খিত সাবটাইটেল ফাইলটি ডাউনলোড করে ফেলুন।
- আপনার কম্পিউটারের যেখানে ফাইলটি ডাউনলোড হয়েছে সেখানে গিয়ে মাউসের রাইট
বাটন ক্লিক করুন। দেখবেন Extract files; Extract here এবং Extract
to পর পর তিনটি অপশন লেখা আসবে, সেখানে যেকোন
একটায় অথবা Extract here এ ক্লিক করুন।
- এরপর আপনার কম্পিউটারের যে জায়গায় Extract ফাইলের লোকেশন
সিলেক্ট করবেন সেখানে গিয়ে দেখুন ফাইলটি আছে এবং তা .srt ফরম্যাটে
আছে। সেই ফাইলটি কপি করে আপনার মুভি যে ফোল্ডারে আছে সেখানে Paste করুন এবং মুভির নামের সাথে মিলিয়ে Rename করলে
পরবর্তীতে আর বারবার সাবটাইটেল সিলেক্ট করতে হবেনা। মুভি ফাইল চালালেই অটোম্যাটিক
সাবটাইটেল চলে আসবে। আর যদি Rename না করে জাস্ট পেস্ট করে
রাখেন তাহলে Pot Player অথবা KM Player এ মুভি ফাইল চালানোর পর সাবটাইটেল ফাইলটি মাউস দিয়ে টেনে এনে প্লেয়ারের
উপরে ছেড়ে দিবেন। ব্যস, এরপর সাবটাইটেল দিয়ে মুভি উপভোগ করুন।
স্মার্ট
টিভি অর্থাৎ এন্ড্রোয়েড সাপোর্টেড টিভিতেও আপনারা সাবটাইটেল দিয়ে মুভি দেখতে
পারবেন।
অনেক
সময়েই দেখা যায় মুভির ডায়লগের সাথে সাবটাইটেল ফাইলের লেখাগুলো সঠিক সময়ে আসছে না।
অর্থাৎ আগে বা পিছে আসছে লেখাগুলো। সেক্ষেত্রে আপনাকে সাবটাইটেল ফাইলটি সিঙ্ক্রোনাইজেশন
করে নিতে হবে। মোবাইলের ক্ষেত্রে MX Player এ উপরে ডানদিকের তিনটা ডট (:) চিহ্নিত মেন্যু থেকে Subtitle
এ ক্লিক করুন।
=> এরপর synchronization এ ক্লিক করুন
=> - এবং + চিহ্নিত একটা বক্স আসবে। - এবং + ব্যবহার করে সাবটাইটেল ডায়লগ আগে
পিছে করা যায়।
কম্পিউটারের
ক্ষেত্রে Pot Player এর জন্য কি-বোর্ডের < এবং > বাটন এবং KM Player এর জন্য [ এবং ] বাটন ব্যবহার
করে সাবটাইটেল ডায়লগ আগে পিছে করা যায়।
অনুবাদক
হিসেবে কিভাবে তৈরী করবেন বাংলা সাবটাইটেল?
বর্তমানে
নতুন নতুন বহু অনুবাদক বাংলা সাবটাইটেল তৈরী করছেন। এছাড়াও অনেকেরই হয়তোবা আগ্রহ
আছে বিসাব তৈরী করার ব্যাপারে। তবে অনেকেই জানেন না কিভাবে বাংলা সাবটাইটেল বানাতে
হয়। অনেকেরই ভ্রান্ত ধারণা রয়েছে যে শুধুমাত্র ইংরেজী সাবটাইটেল থেকে বাংলায়
ট্রান্সলেট করে দিলেই হয়ে যাবে বাংলা সাবটাইটেল। ধারণাটি সম্পূর্ণ ভুল। শুধুমাত্র
ট্রান্সলেট করলেই সেটা বিসাব হয়না। বিসাব করতে হলে আপনার খুব ভালো জ্ঞ্যান থাকতে
হবে বাংলা ও ইংলিশ ভাষার উপর। সেইসাথে থাকতে হবে যে ভাষার মুভির অনুবাদ করছেন সেই
সম্পর্কেও ভালো ধারণা। অনেক সময়েই আপনি হুবহু অনুবাদ করতে পারবেন না, সেখানে করতে হবে ভাবানুবাদ। নাহলে বদলে
যাবে মুভির ডায়লগের আসল অর্থই। বাংলা সাবটাইটেল হতে পারে ইংরেজী সাবটাইটেল ফাইল
ব্যবহার করে অনুবাদ করে, আবার হতে পারে সরাসরি টাইমফ্রেম
বসিয়ে ভাষা শুনে শুনে অনুবাদ করে।
নতুন
যারা বিসাব করতে ইচ্ছুক তাদেরকে সংক্ষেপে জানিয়ে দিচ্ছি কিভাবে বাংলা সাবটাইটেল
করবেনঃ
- প্রথমেই পছন্দমত একটা ইংলিশ সাবটাইটেলওয়ালা মুভি বাছাই করবেন। সাবটাইটেল
ফাইলটি ওপেন উইথ নোটপ্যাড দিয়ে চালু করবেন (পিসি ইউজার) অথবা ইজি সাবটাইটেল
সফটওয়্যার ব্যবহার করে চালু করবেন (মোবাইল ইউজার)।
- ফাইলটি ওপেন করার পর মুভিটি প্লে করে ডায়লগগুলো অল্প অল্প করে শুনুন এবং
সেটির ইংরেজী অনুবাদটি দেখুন। এরপর নিজের জ্ঞ্যানকে কাজে লাগিয়ে সেই লাইনটির একটি
সামঞ্জস্যপূর্ণ বাংলা বাক্য তৈরী করুন। যদি হুবহু অনুবাদ করলে ভাবের সঠিক অর্থ
প্রকাশ না হয় তাহলে সেখানে ভাবানুবাদ করতে হবে। যেমনঃ I will fire you এর সঠিক অনুবাদ হবে "আমি তোমাকে বরখাস্ত করবো", তবে কেউ যদি হুবহু ট্রান্সলেট করে বসে "আমি তোমাকে আগুন দিবো"
তাহলে সেটা নিশ্চয়ই ঠিক হবেনা। অনুবাদ করার ক্ষেত্রে কম্পিউটারে অভ্র কিবোর্ড এবং
মোবাইলের ক্ষেত্রে রিদমিক কিবোর্ড ব্যবহার করলে সুবিধা হবে।
- অনুবাদ শেষ হয়ে গেলে ফাইলটি Save as করার সময়ে UTF-8 ফরম্যাটে সেভ করবেন।
আসলে
সাবটাইটেল বানানোর ক্ষেত্রে টেকনিক্যাল ব্যাপার খুব বেশি একটা নয়। একটি ভালো মানের
সাবটাইটেল বানাতে হলে মূলত আপনাকে অনুবাদের ক্ষেত্রেই মনোযোগ দিতে হবে। এজন্য
ভাষাজ্ঞ্যান, সঠিক শব্দচয়ন, সঠিক বাক্য গঠন সহ ভাষাগত দিকগুলোতে
ভালো জ্ঞ্যান রাখতে হবে। এছাড়াও যেকোন প্রয়োজনে নিতে পারেন সিনিয়র সাবটাইটেল
অনুবাদকদের পরামর্শ ও সহযোগিতা।
বাংলা
সাবটাইটেলের সমস্যা ও এর সমাধানঃ
বাংলা
সাবটাইটেল কম্পিউটারে Pot Player এ সবচেয়ে ভালো চলে। মোবাইলের ক্ষেত্রে MX Player এ
ভালো চলে। যদি কখনো এই দুই প্লেয়ার ব্যতীত অন্যকোন প্লেয়ারে বিসাব ঠিকমত না আসে
তাহলে প্লেয়ার পরিবর্তন করলেই চলবে। এছাড়াও চেক করে নিতে হবে সাবটাইটেল ফাইলটি UTF-8
ফরম্যাটে সেভ করা আছে কিনা। যদি না থাকে তাহলে বাংলা ফন্ট ভেংগে
ভেংগে আসবে। সেক্ষেত্রে সাব ফাইলটি কম্পিউটারে Notepad দিয়ে
ওপেন করে নিয়ে UTF-8 ফরম্যাটে সেভ করে নিতে হবে। এছাড়াও বাংলা
সাবটাইটেলের সকল সমস্যার সমাধানের জন্য Bangla Subtitle গ্রুপের
ফাইলস সেকশন (www.facebook.com/groups/banglasub/files/) এর সহায়তা নিতে পারেন।
.
বিদেশী
ভাষার মুভিগুলো ভালোভাবে বুঝে দেখার জন্য আগে যেমন ইংরেজী সাবটাইটেলই ছিল শেষ
ভরসা। কিন্তু বর্তমানে বাংলা সাবটাইটেল অনুবাদকদের বিনামূল্যের অক্লান্ত পরিশ্রমে
শুধুমাত্র শখের বসেই তৈরী করা বাংলা সাবটাইটেল দিয়ে খুব সহজেই আপনি দেখে নিতে
পারছেন মুভিগুলো। এতে যেমন মুভির ডায়লগগুলো বুঝতে সুবিধা হচ্ছে ঠিক তেমনি
মাতৃভাষায় মুভি দেখার মত একটা অনুভূতি জাগে। অনুবাদকেরা আশাবাদী কোন একদিন
বাংলাদেশের সিনেপ্লেক্সগুলোতে বিদেশী ভাষার মুভিগুলো মানুষ ইংরেজী সাবটাইটেলের
পরিবর্তে বাংলা সাবটাইটেল দিয়ে দেখার সুযোগ পাবে। যেভাবে বাংলা সাবটাইটেলের
জনপ্রিয়তা বাড়ছে সেক্ষেত্রে এ আশাটা তো করতেই পারি আমরা।
.
লিখেছেনঃ
মাহমুদুল হাসান এমআরপি
বাংলা
সাবটাইটেল অনুবাদক
এডমিন,
ব্লকবাস্টার সাউথ ইন্ডিয়ান মুভি লাভারস বাংলাদেশ গ্রুপ।
